গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্গোবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে রাজু মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার
ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাগদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত রাজু মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর গ্রামের মুসা ব্যাপারির ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি কার্গোবাহী ট্রাক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং চালক রাজু মিয়া ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।এই দুর্ঘটনায় ইজিবাইকে থাকা আইয়ুব আলী(২৬)নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক কার্গো ট্রাকটি জব্দ করা হয়েছে।তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।









