হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে কার্গো ট্রাকের (কভার্ড ভ্যান) চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হাসিব মোল্লা (২৫) উপজেলার বারাশিয়া গ্রামের মো. কাশেম মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে হাসিব মোল্লা ফকিরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তিনি বিশ্বরোড মোড় এলাকায় এসে বাইপাস সড়ক থেকে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘এন আর কার্গো সার্ভিস’ নামের একটি কভার্ড ভ্যানের চাকার নিচে পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর মহাসড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন।








