মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে স্থানীয় মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উৎসব মুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী বিকেলে বড় পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রিয়াং ম্রং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের মধ্যে এই লড়াই সম্পন্ন হয়।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ- অধিনায়ক মেজর মাজহার হোসেন রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের অন্যান্য সামরিক কর্মকর্তা,
গুইমারা থানার অফিসার ইনচার্জ ,গুইমারা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাঠে দু’দলের কিশোরী ফুটবলারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে সক্ষম হয়নি। ফলে খেলাটি গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে ফলাফল নির্ধারণে ট্রাইবেকারের সাহায্য নেওয়া হয়, যেখানে রিয়াং ম্রং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বড় পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। মাঠে উপস্থিত প্রায় ৪০০ থেকে ৫০০ জন দর্শক করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে কিশোরী ফুটবলারদের উৎসাহিত করেন।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি খেলোয়াড়দের চমৎকার ক্রীড়াশৈলী ও সুশৃঙ্খল আচরণের ভূয়সী প্রশংসা করেন।
উৎসাহ ও অনুপ্রেরণা প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই আয়োজন মেয়েদের ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যেতে এবং তাদের মাঝে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতা মূলক মনোভাব তৈরি করতে সহায়ক হবে।” তিনি খেলোয়াড়দের এই স্পোর্টিং মানসিকতা ভবিষ্যতেও বজায় রাখার পরামর্শ দেন।
স্থানীয়দের মতে, এ ধরণের উদ্যোগ পাহাড়ের জনপদে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি নারী ফুটবলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









