গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আসামি গ্রেপ্তারে অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়,গত ২৫ জানুয়ারি রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জোবায়ের হোসেন শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ অভিযান পরিচালনা করে।এ সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশ সদস্যরা বাধার সম্মুখীন হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তারা।এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই)
আখতারুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।মামলাটি মামলা নং-২৭,তারিখ:২৬ জানুয়ারি ২০২৬।মামলার প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানের অংশ হিসেবে গত রাতে এজাহারনামীয় ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আলাউদ্দিনের ছেলে মো. নুরুজ্জামান (৩৫) ও মো. মানিক মিয়া (২০),সৈয়দ সোহাগের ছেলে মো. সামিউল ইসলাম (২০),আসাদুল্যার ছেলে মো. হাবিবুর রহমান (৪০),আজাহার আলীর ছেলে মো. তাজুল ইসলাম (৩৫) এবং আলতাফ হোসেনের ছেলে মো.সুজন মিয়া (৪০)।গ্রেপ্তারকৃত সবাই গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কাটাবাড়ি গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানা সূত্র আরও জানায়,গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,পুলিশের ওপর হামলার মত গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনে আরও গ্রেপ্তার করা হতে পারে।









