সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির কাছে শতভাগ নিরাপদ: রাশেদ খাঁন

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

তাসনিম মুহসিন, ঝিনাইদহ।

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, “নির্বাচিত হতে পারলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। অবহেলিত কোনো রাস্তা কাঁচা রাখা হবে না এবং প্রতিটি নাগরিকের দ্বোরগোড়ায় সরকারি সেবা নিশ্চিত করা হবে।” ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা হাটবাজার দখল ও চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন, তাদের কঠোর হুশিয়ারি দিয়ে তিনি বলেন, “জনগণের জানমালের ওপর হস্তক্ষেপ বা কোনো ধরনের চাঁদাবাজি আর সহ্য করা হবে না।”

 

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি ভূষণ হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রার্থী নিজেই।

 

সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে রাশেদ খাঁন বলেন, “আপনারা এই জনপদে নির্বিঘ্নে বসবাস করবেন। বিএনপির কাছে আপনারা শতভাগ নিরাপদ থাকবেন। ধানের শীষ প্রতীক হচ্ছে তারেক রহমানের আমানত। এই নাম ভাঙিয়ে বা মিথ্যা বলে কেউ ফায়দা লুটতে চাইলে তাদের ঝাটিয়ে বিদায় করবেন।”

 

প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, “দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ালেখা করলেও কারো কারো মানসিকতার কোনো উন্নয়ন হয়নি। তারা মিথ্যার আশ্রয় নিয়ে ভোট চাইছেন। যারা অভিনয় করে ভোটারদের বিভ্রান্ত করতে চায়, তাদের প্রত্যাখ্যান করার আহ্বান জানাই।”

 

নির্বাচনী এই সভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমাবেশ শুরুর আগেই মিছিল ও নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শহরের অলিগলি।

 

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও ইসরাইল হোসেন জীবন, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির রাশেদ খাঁন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের মাওলানা আবু তালেব, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম এবং জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু।

মন্তব্য করুন